আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭-এর নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।ফলাফল ঘোষণার পর টেস্ট পরীক্ষায় মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে টপ টেনে স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। পাশাপাশি তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।অনুষ্ঠানে আশানুরূপ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে পরীক্ষার ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন শিক্ষকরা।শিক্ষকরা বলেন, টেস্ট পরীক্ষার ফলাফল চূড়ান্ত নয়। এখন থেকেই নিয়মিত পড়াশোনা, কঠোর অনুশীলন ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিলে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব।অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ও গৌরব অক্ষুণ্ণ রাখবে।






