সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, ডোমারে শিশুর মৃত্যু, সদরে নারী শ্রমিক নিহত; আহত স্বামী
নীলফামারী প্রতিনিধি: সড়কে যেন মৃত্যুর মিছিল! রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ এবং নীলফামারীর ডোমার ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। একদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নীলফামারী জেলার চারজন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৫ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় দুই জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আতিক বসুনিয়া নামে এক যাত্রীকে জিম্মি করে রাখার অভিযোগ ওঠে।
বাসে থাকা যাত্রী আতিক বসুনিয়া বলেন, তাঁর কাছে টাকা থাকায় অন্যদের নামিয়ে দিলেও তাঁকে নামতে দেওয়া হয়নি। বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে রাখেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে তাঁদের ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আতিকের ভাষ্য, তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস বাসটির পথরোধ করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করেন। তাঁর দাবি, সময়মতো বাসটি আটকানো না হলে তাঁকেও প্রাণ হারাতে হতো।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ অতিক্রম করার পর অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাচাকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট কলোনি এলাকায় সকালে অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত ওমর ফারুক ওই এলাকার মনিরুজ্জামান নুরির ছেলে। সে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। সকালে সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর এলাকার শালহাটি নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় বালুর ট্রাকের ধাক্কায় ওই নারী ও তাঁর স্বামী দুর্ঘটনার শিকার হন। এতে নারী শ্রমিকের মৃত্যু হয় এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।
সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ
একই দিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীর চারজনের প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার অভিযোগ, শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চালকদের দায়িত্বশীলতা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।
এসব দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com