কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বার্তা আদান-প্রদানের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী। মামলা দায়েরের পর রাতেই নগরীর পুলিশ কমিশনার মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ব্যক্তিগত মুঠোফোনে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে বিদেশে অবস্থানরত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে নিয়মিত তথ্য ও নির্দেশনামূলক বার্তা পাঠাতেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর রাতে তিনি একাধিক পলাতক নেতাকে বেশ কিছু বার্তা পাঠান। এর মধ্যে একটি বার্তায় লেখা ছিল, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরের বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে।’ অপর একটি বার্তায় তিনি লেখেন, ‘রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে জানান, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীর আলমের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটির মাধ্যমে ডিভাইস দুটি ফরেনসিক পরীক্ষা করা হলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং ডিজিটাল মাধ্যমে বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। ডিআইজি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে। এদিকে, রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এমনকি তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ৮ম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারাপাশা এলাকায়।






