চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন করছে আলমডাঙ্গা স্টেশনপাড়া কালী মন্দির কমিটি। এ উপলক্ষে পূজার্চনা, প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। বুধবার (১১ নভেম্বর) উৎসবের চতুর্থ দিনে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীপাবলি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আলোকসজ্জা করা হয়। ভক্তদের অংশগ্রহণে পূজার্চনা ও আরতি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন উৎসবে যোগ করে বাড়তি আনন্দ ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া কালী মন্দির কমিটির সভাপতি অচিন্ত্যকুমার ব্যাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিকিৎসক অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, পলাশ আচার্য, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বাবু এবং আব্দুল জব্বার লিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকন ব্যাথসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব কুমার।
শ্যামাপূজা ও দীপাবলি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ভক্তরা এ উৎসবে দেবী শ্যামার আরাধনার পাশাপাশি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির জয় এবং অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








