মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের অভিযোগ, প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন


নেত্রকোনা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের হয়রানি ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নদী খনন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। তাঁদের আশঙ্কা, অপরিকল্পিত খননকাজের কারণে সরকারের কোটি কোটি টাকা অপচয় হতে পারে।
রোববার (৮ নভেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান ইমন। এ সময় আজহার খান আবু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন খানসহ নদীতীরবর্তী এলাকার ভূমির মালিকেরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু কর্মকর্তার সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা করছে। পাশাপাশি সিএস নকশার ভিত্তিতে জমি পরিমাপের কথা বলে বৈধ জমির মালিকদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
ভূমির মালিকদের দাবি, ২০২৫ সালের মে মাসে পাউবোর কর্মচারীরা কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই নদীতীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটে গিয়ে সিএস নকশা অনুযায়ী জমি পরিমাপের চেষ্টা করেন। এর প্রতিবাদে ওই বছরের ২২ মে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মগড়া নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট পিটিশন (নম্বর ৫১৬১/২০২৫) বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বিআরএস রেকর্ড অনুযায়ী বৈধভাবে কেনা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি শুধু সিএস নকশার ভিত্তিতে উচ্ছেদের উদ্যোগ আইনসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
নদী খনন প্রকল্পের পরিকল্পনা নিয়ে উদ্বেগ
সংবাদ সম্মেলনে মগড়া নদীর খনন প্রকল্পের পরিকল্পনা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। ভূমির মালিকদের দাবি, ১৫৫ কিলোমিটার দীর্ঘ নদীটির মাত্র ৪১ কিলোমিটার খনন করা হলে উজান ও ভাটির অবশিষ্ট ১১৪ কিলোমিটারে পলি জমে খনন করা অংশও দ্রুত ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে এবং সরকারি অর্থ অপচয়ের ঝুঁকি তৈরি হবে।
তাঁদের আরও আশঙ্কা, নদীটি ১ দশমিক ৫ থেকে ২ মিটার গভীর করে খনন করা হলে সাতপাই, মোক্তারপাড়া, কাটলী ও আরামবাগ এলাকার ঘনবসতিপূর্ণ জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ছাড়া পৌর এলাকায় নদীর দুই তীরে প্রায় ১৪ কিলোমিটার জায়গা থাকা সত্ত্বেও মাত্র ৮০০ মিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েও আপত্তি জানান তাঁরা। তাঁদের মতে, এ ধরনের পরিকল্পনায় নদীতীরের সামগ্রিক উন্নয়ন ও জনসাধারণের চলাচলের সুযোগ সীমিত হয়ে পড়বে।
চার দফা দাবি ভূমির মালিকদের
সংবাদ সম্মেলন থেকে ভূমির মালিকদের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

  1. বৈধ জমির মালিকদের হয়রানি ও উচ্ছেদের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
  2. শুধু সিএস নকশার ওপর নির্ভর না করে বিআরএস ও হালনাগাদসহ সব ধরনের ভূমি রেকর্ড বিবেচনায় নিয়ে স্বচ্ছ জরিপ পরিচালনা করতে হবে।
  3. নদী খনন প্রকল্পের ডিপিপি, মোট ব্যয় ও দরপত্রসংক্রান্ত যাবতীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে।
  4. খননকাজের কারিগরি ও পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য (ইআইএ) একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।
    সংবাদ সম্মেলনে ভূমির মালিকেরা বলেন, তাঁরা মগড়া নদী দখল ও দূষণমুক্ত করার বিরোধী নন; বরং নদীকে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার পক্ষে। তবে নদী উদ্ধারের নামে প্রকৃত বৈধ জমির মালিকদের হয়রানি কিংবা অপরিকল্পিত প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত, স্বচ্ছতা ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের অভিযোগ, প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com