নড়াইলে ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

নড়াইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) হারানো মোবাইল ফোন উদ্ধার এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নড়াইল জেলার চারটি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব মোবাইল ফোন উদ্ধারে কাজ করেন।
উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জানান, হারানো ফোনগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোনগুলো ফিরে পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
পুলিশ জানায়, মোবাইল ফোন হারিয়ে গেলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তী সময়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নড়াইলে ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com