চুয়াডাঙ্গায় আইনজীবী না হয়েও আইনজীবীর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগে একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—বেসরকারি সংস্থা আরডিআরএসের (RDRS) মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক খাইরুল ইসলাম (৩৫) ও একই শাখার হিসাবরক্ষক নাহিদ ইসলাম (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ‘অ্যাডভোকেট সেলিম রেজা’ নামের এক আইনজীবীর নাম ও পরিচয় ব্যবহার করেন। পরে তাঁরা আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা শাহিনুর খাতুনের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে একটি ভুয়া লিগ্যাল নোটিশ পাঠান।
এ ঘটনায় প্রকৃত আইনজীবীর পরিচয় ব্যবহার করে জাল নোটিশ পাঠানোর অভিযোগে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই এনজিও কর্মীকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী বিচারিক কার্যক্রমের মাধ্যমে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।









