সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মান্নান ঘাট ও সংবাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদপুর গ্রামের মুরুব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মান্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, যুবদল নেতা ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা ও জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহন মিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল চোখে পড়লে দ্রুত থানায় খবর দিতে হবে।
ওসি আরও বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জামালগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।








