পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সম্ভাব্য অসন্তোষ ও বিশৃঙ্খলা নিরসনে করণীয় নির্ধারণে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে (সিইপিজেড) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিইপিজেডের বেপজা কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ নিরসনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার(এনএসআই) যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।সভায় শ্রমিক অসন্তোষের সম্ভাব্য কারণ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।









