নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
গত রোববার (১ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এসব পদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্ধারিত দপ্তরে যোগদানপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য সনদপত্র যাচাই। নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে। এ সময়ে তাঁদের কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এ জন্য তাঁদের নির্ধারিত অঙ্গীকারনামা বা বন্ড সম্পাদন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। চাকরিতে যোগদান ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং আদেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে নিয়োগপ্রাপ্ত ১৮১ জনের নাম, নিবন্ধন নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার বিস্তারিত তালিকাও সংযুক্ত করা হয়েছে।









