চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক কারবার, জুয়া এবং বিভিন্ন অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।
গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাগদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। তাঁর ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।









