নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে।রোববার (১ নভেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’ ও ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজে আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি গত এক থেকে দুই বছর ধরে এ ধরনের অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল। এ ছাড়া জুয়ার কার্যক্রমেও জব্দ করা ডিভাইসগুলো ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে জব্দ করা ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম কার্ডের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।









