বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মিলল লাশ, শরীরে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার একদিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরইল গ্রামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের ছেলে সোহেল জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পরদিন মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।তবে বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।









