চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জেহালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল। দীর্ঘ ছয় মাস ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ৫৫ বছর বয়সী এই বিএনপি নেতা। অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। এ অবস্থায় দলীয় বিত্তবান নেতাকর্মীসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
আবু তাহের জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আকবার মন্ডলের ছেলে। গত ছয় মাস ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমন পরিস্থিতিতে অসুস্থ আবু তাহেরের খোঁজখবর নিতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজাবুল ইসলাম, বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নীরব, ছাত্রদল নেতা সিফাত মাহবুব কাওসার এবং সাবেক চলচ্চিত্র পরিচালক জন আলফ।
এ সময় অসুস্থ আবু তাহেরের চিকিৎসায় সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মী, বিত্তবান ব্যক্তি ও সমাজের মানবিক মানুষের প্রতি আহ্বান জানানো হয়। তাঁদের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
ফুসফুস ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় আর্থিক সংকটে থাকা আবু তাহেরের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।









