চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচলিয়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জামজামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক উন্নয়ন, জনসাধারণের জীবনমানের উন্নয়ন এবং এলাকার সার্বিক সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুজ্জামান হাসান, আলমডাঙ্গা উপজেলা উলামা দলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, জামজামী ইউনিয়ন উলামা দলের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









