তৌহিদ, মাগুরা প্রতিনিধি
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহ’ত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ফলাফল প্রকাশের দিন পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।নিহতরা হলো মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা সিকদার (১৮)।স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন বুনাগাতী এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন একজন। তাঁর বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো রোববার সকালেও স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন বাপ্পি। সকাল ১১টার দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে গিয়ে আত্মহত্যা করেন।অন্যদিকে, অনন্যা সিকদারের আত্মহত্যার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।পরামর্শ: পরীক্ষায় অকৃতকার্য হওয়া জীবনের শেষ নয়। শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও কাছের মানুষের সঙ্গে কথা বলা জরুরি। তাঁদের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব।









