নোবিপ্রবি প্রতিনিধি:
‘তেঁতুলিয়া থেকে টেকনাফ, দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও নোয়াখালী জেলা পর্যায়ের নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। পরে তাঁদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-১, ভাষাশহীদ আবদুস সালাম হল, আবদুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, শান্তিনিকেতন, কেন্দ্রীয় গ্যারেজ, জুলাই শহীদ স্মৃতি হল ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়ান, টু, থ্রি, ফোর—গুম-খুন নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া আওয়ামী লীগের ক্যাম্পাসে প্রবেশ ও দলীয়করণের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ‘আমরা তিন দফা দাবি নিয়ে আমাদের পদযাত্রা শুরু করেছি।’
ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি হলো—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।
বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, ‘আমরা জানি, হাদি হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে। বিএনপির এতে কোনো হাত নেই। কিন্তু বিএনপি কেন এই হত্যার বিচার করছে না, তা আমরা জানি না।’ তিনি বলেন, ‘আপনারা যখন আমাদের কাছে এসে হাদি হত্যার বিচার দাবি করেন, তখন এই দাবির ভার কতটা, তা এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি।’
দেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের বিচারব্যবস্থা স্বাধীন। কিন্তু আমরাও জানি, এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনো বিচার হয় না।’
পথসভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাঁরা কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি অভিযোগ করেন, সরকার এখনো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বদলি করা হচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় উপেক্ষার অভিযোগও তোলেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি কোনো রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের মানুষের দাবি। সরকার পছন্দ করুক বা না করুক, এসব দাবি বাস্তবায়ন করতে হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীন দেশে একজন নাগরিক হত্যার বিচারের দাবিতে মানুষকে রাস্তায় ঘুরতে হচ্ছে।









