তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে আনতালিয়ায় সম্মেলনস্থলে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী।
প্যাভিলিয়নে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শনী এবং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।









