চুয়াডাঙ্গায় নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাংয়ের উৎপাত প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পুলিশ সুপার।
তিনি বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বিতভাবে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালান, যানজটসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









