
মো. মাজহারুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া সদর-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এমপি পদপ্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে দলটি দেশের ৩০০টি আসনেই প্রার্থী ঘোষণা সম্পন্ন করলো বলে জানিয়েছেন নেতারা। শনিবার (২৫ মে) কুষ্টিয়ার হাজী শরীয়তুল্লাহ ইয়াতিমখানায় অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, “এই ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর ধরে দেশের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তারা দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, গোপনে আয়না ঘর তৈরি করেছে। অবশেষে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তাদের বিচার সম্পন্ন করে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তিনি আরও বলেন, “আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের কাছে গিয়ে জামায়াতের প্রার্থীদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সমাবেশে উপস্থিত থেকে মুফতি আমীর হামজাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে মোবারক হোসাইন বলেন, “তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত একজন আলেম ও প্রার্থী। সবাইকে তাঁর জন্য কাজ করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর হোসেন, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক এবং ছাত্র শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদ। নেতৃবৃন্দ আরও বলেন, জামায়াতে ইসলামী ২০১৮ বা ২০২৪ সালের মতো কোনো নির্বাচন দেখতে চায় না। দলটি একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চায়, যা কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত হবে—এই দাবি তাদের অবিচল।










