অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মতবিনিময়

মুসলিম কমিউনিটির ঐক্য ও মূলধারার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং মূলধারার সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে এ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান উপস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্যবৃন্দ, ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তাঁকে এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদিবাসীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে বলেন, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ এবং সেই ভূখণ্ডের স্মৃতি হৃদয়ে ধারণ করার বিষয়টি বাংলাদেশিরা উপলব্ধি করেন। তাই অস্ট্রেলিয়ার ভূমিতে যাঁরা সবার আগে বসবাস করেছেন, তাঁদের অতীত ও বর্তমান প্রজন্মের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছে সংগঠনটি। এ জন্য তিনি কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, কাউন্সিলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি মুসলিম কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মতবিনিময়

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com