মিয়া গোলাম পরওয়ারের হুঁশিয়ারি—ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চলবে
জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক শক্তি নিয়ে রাজপথে তাদের ভূমিকা অব্যাহত থাকবে।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে এবং সংসদ সদস্য ও মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনা করতে হবে। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা সরকারের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপি—কারও জন্যই শুভ নয়। এসব ঘটনা সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। তবে জামায়াতে ইসলামী এখনই সরকারের পদত্যাগ দাবি করছে না; বরং সরকারকে ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছে।
গণভোটের রায় প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সব সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিশ্চিত হয় না। তাঁর দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই গণভোটের রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করা উচিত। একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক সেনাবাহিনীকে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি শ্রদ্ধা জানায়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, শেখ হাসিনার হাতে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ থাকার পরও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আবার বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হবে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে আন্দোলন হলেও সংসদ সদস্য ও মন্ত্রীদের গাড়ি ভাঙচুর কিংবা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অথচ বর্তমান সরকার নিজেদের জনপ্রতিনিধিদেরই নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁরা গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার কার্যকর আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। গণভোটের রায় উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে বলেও তিনি দাবি করেন। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।








