অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

উম্মাহর কল্যাণে ভূমিকা রাখতে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন গঠন, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময়কালে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং আধুনিক জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না; নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও যোগ্য মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, জাতি তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
মতবিনিময় সভায় আমীরে জামায়াত উপস্থিত তরুণদের ব্যক্তিগত উন্নয়ন ও নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com