কুষ্টিয়ার খোকসায় মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালে রতন মণ্ডল (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ নভেম্বর) সকাল ১১.৩৫ মিনিটের দিকে খোকসা পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রতন মণ্ডল খোকসা পৌর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কালীবাড়ি পাড়ার (মাস্টার পাড়া) রঞ্জন মণ্ডলের ছেলে।আটক রতন মণ্ডলের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে ক্ষমতার দাপট দেখিয়ে নামে-বেনামে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে রতনের অবৈধ সম্পদের সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, খোকসা থানা এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধি সংগঠনের নেতা অস্থিতিশীলতা সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের খোকসা ০৪ নং ওয়ার্ডের সভাপতি রতন কুমার মন্ডলকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী পুলিশের নিকট উক্ত ঘটনায় নিজে জড়িত থাকার ঘটনা স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









