কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৪ নম্বর পান্ডুল ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইএমপি) আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত নারীরা হলেন—রিক্তা, শান্তনা, গোলাপি, জোসনা, নুরজাহান, খতেজা, শিউলি, সোনাভান, আনজু ও জাগ্রতী।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী, নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন।
লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগকে স্থানীয় নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।









