নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে জখম এবং টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
এসআরবি জানায়, গত ৪ জুন ভোরে সুপারি কেনার জন্য ব্যবসায়ী রফিকুল ইসলাম দুই সহযোগী ও এক ভ্যানচালককে সঙ্গে নিয়ে আত্রাই হাটে যাচ্ছিলেন। পথে ভোর সাড়ে ৪টার দিকে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।
এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ব্যবসায়ীসহ অন্যরা আহত হন। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম রাণীনগর থানায় মামলা করেন।
মামলার তদন্তে নামে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে শাকিল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com