বাগেরহাটের কচুয়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তর। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান ‘জাবেদ এন্টারপ্রাইজ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে বাচ্চু শেখের পথরোধ করে। এ সময় তারা তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাঁকে ভয় দেখায়। একপর্যায়ে তাকে কোপাতে উদ্যত হয় এবং আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা নগদ আনুমানিক পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তারা বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।
বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন,আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন,বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত দুই মাসে চিতলমারীসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এ ধরনের ১০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এবং গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় আরেক বিকাশকর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।









