যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মণিরামপুরের রাজিয়া কমিউনিটি সেন্টারে উপজেলা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন ও ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আলহাজ্ব ইবাদুল ইসলাম মনুকে সভাপতি, মাস্টার জয়নাল আবেদীন টিপুকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আক্তারুজ্জামানকে সহ-সভাপতি, মাওলানা ইমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









