উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব দরগাহবিল হাতিমুড়া স্টেশন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন নামে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেলে নুরুল আমিন একটি দোকানে বসে থাকার সময় গফুর মিস্ত্রীর ছেলে জুবাইরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযোগ রয়েছে, জুবাইর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ঘটনাস্থলে এসে নুরুল আমিনের ওপর হামলা চালান। হামলায় নুরুল আমিন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নুরুল আমিনের পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলা দায়েরের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে অভিযোগ রয়েছে, হামলার প্রধান অভিযুক্ত জুবাইর ও তার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে নুরুল আমিনের পরিবার, স্থানীয় সাক্ষী ও এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, হুমকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।









