নেত্রকোনা শহরে আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী নেত্রকোনা শহরের মালনী রোড এলাকার বাসিন্দা শিউলী রানী রায়ের একমাত্র পুত্রসন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয় উদযাপন উপলক্ষে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে একটি বিজয় মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত চৌধুরী নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন।
ভিডিও ধারণের একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া একটি অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দীপ্ত চৌধুরীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার পরিবার শোকে মুহ্যমান।
স্থানীয়দের দাবি, জনবহুল এলাকায় অরক্ষিত বৈদ্যুতিক তার থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।









