- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের দুই সন্তানের জননী এক মুসলিম গৃহবধূকে পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় তাঁর হাতে শাঁখা ও কপালে সিঁদুর ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাঁকে এবং সংশ্লিষ্ট যুবককে আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের ব্যবসায়ী শিলু (৪০), পিতা মাহাতাব মালিথা। তাঁর স্ত্রী ছোট গাংনী গ্রামের বদরুদ্দিনের মেয়ে মোছা. আয়েশা খাতুন (৩০)। তাঁদের দাম্পত্য জীবনের প্রায় ১৬ বছর। সংসারে ১২ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ছেলে যশোরের একটি মাদ্রাসায় পড়াশোনা করে।পরিবারের দাবি, গত ১০ নভেম্বর সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আয়েশা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গত ১৩ নভেম্বর শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর এলাকায় তাঁর সন্ধান পাওয়া যায়।স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইসলামপুর এলাকার শুক্লা চৌকিদারের বাড়িতে তাঁর ছেলে পার্থের সঙ্গে অবস্থান করছিলেন আয়েশা। এ সময় তাঁকে শাঁখা-সিঁদুর পরিহিত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাঁদের আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে আয়েশার স্বামী শিলুর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে পার্থ নামের ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁদের সংসারে প্রায়ই মনোমালিন্য ও ঝগড়াবিবাদ হতো। গত ১০ নভেম্বর কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান।অন্যদিকে, আয়েশার দাবি, তাঁর স্বামী তাঁকে মারধর করে শারীরিকভাবে আঘাত করেছেন। স্বামীর ওপর অভিমান করেই তিনি বাড়ি ছেড়ে চলে যান।পরে আয়েশার স্বামী ও বাবার বাড়ির পরিবারের সদস্যরা আটঘরিয়া থানায় গিয়ে পুলিশের হেফাজত থেকে তাঁকে নিয়ে আসেন। বর্তমানে তিনি আলমডাঙ্গার ছোট গাংনী গ্রামে তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন।এ ঘটনায় খোরদ, ছোট গাংনীসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।








