মাগুরায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

মাগুরায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৬ পালিত হয়েছে। ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে, শনিবার (১৪ নভেম্বর) মাগুরা ডায়াবেটিস সমিতির উদ্যোগে র‍্যালি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমিতির কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ড. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক দন্ত চিকিৎসা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।সকাল ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব। মাগুরা ডায়াবেটিস সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মোত্তাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও সমিতির উপদেষ্টা মো. মনোয়ার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ,ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আক্তার হোসেন। যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। এবং মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলী তারেক। সঞ্চালনা করেন শরীফ মিজানুর রহমান।আলোচনা সভায় মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মেহেদী হাসান ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রোগটি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগ শনাক্ত হওয়ার পর অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোত্তাকাব্বীর আহমেদ ডায়াবেটিস হাসপাতালের সামনের জমি সম্প্রসারণ করে সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর এ পরিকল্পনার কথা উপস্থিত সুধীজনদের মধ্যে আশাবাদ সৃষ্টি করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সাংবাদিক, ডায়াবেটিস সমিতির কর্মকর্তা ও সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com