ঠাকুরগাঁওয়ে ৩১ ডিলারের মধ্যে ২৮ জনের বিএনপি-সংশ্লিষ্টতার অভিযোগ, তদন্তের আশ্বাস
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের নিয়োগ বাতিলের বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোনো নিয়োগের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পীরগঞ্জ উপজেলা সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জেলা প্রশাসক।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কয়েকজন রাজনৈতিক নেতার স্ত্রী ও সন্তানদের নামেও ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনো অভিযোগ কিংবা নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা আসেনি। অভিযোগ পাওয়া গেলে সরকারি নীতিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের পীরগঞ্জ উপজেলা সফরের শুরুতে তিনি লোহাগাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা, গরুর হাট ও ছাগলের হাট পরিচালনাসহ নানা বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সমস্যাগুলো শুনে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি বাজারে চুরি ও মাদক প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
পরে তিনি পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানমুখী হওয়ার আহ্বান জানান তিনি।
মাদক নির্মূল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে কমিটি গঠন করে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক পীরগঞ্জ থানা পরিদর্শন করেন। সেখানে পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।








