চুয়াডাঙ্গায় অনার্স পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর পরীক্ষার হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ সময় দ্রুত তাঁকে কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি তাঁর অভিভাবকের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে সাগরের অসুস্থতার খবর দিলে তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে ছুটে যান। খবর পেয়ে বিভাগের প্রধান ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামও প্রায় ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।
পরীক্ষা দিতে এসে এক তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








