চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুর কুমার মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সরকারি অর্থ আত্মসাতের ২৬ দফা অভিযোগ তুলেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর পাঠানো এক লিখিত অভিযোগে সংসদ সদস্য এসব বিষয় তুলে ধরেন। অভিযোগের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, খুলনা বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুর কুমার মণ্ডল ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় যোগদানের উদ্দেশ্যে এলেও পরদিন ১৭ সেপ্টেম্বর যোগদান দেখান। অভিযোগে তাঁর দায়িত্ব পালনে অনিয়ম, সরকারি বিধিবিধান লঙ্ঘন এবং কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ভ্রমণভাতা নিজের নামে ৬০ শতাংশ নিয়মবহির্ভূতভাবে উত্তোলন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত থাকা, দাপ্তরিক কাজে দায়িত্বে অবহেলা এবং অফিসের নির্ধারিত সময় অনুসরণ না করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অফিসের এমএলএসএস পদে কর্মরত মো. রিয়াজ উদ্দিনকে ২০২৪-২৫ অর্থবছরে নিয়মিত ভাতা প্রদান না করে নিজের হিসাবে অর্থ উত্তোলন করেছেন ওই কর্মকর্তা। একই অর্থবছরে কম্পিউটার মেরামত ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ অর্থ ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে উত্তোলনের অভিযোগও রয়েছে। এ ছাড়া সরকারি গাড়ি মেরামত, জ্বালানি ও অন্যান্য দাপ্তরিক ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
সংসদ সদস্যের অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ফাইল অযৌক্তিকভাবে আটকে রেখে আর্থিক সুবিধা আদায়, শিক্ষক বদলি ও পদায়নের ক্ষেত্রে অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং বিভিন্ন উপজেলার শিক্ষকদের কাছ থেকে ফাইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বদলি ও প্রশাসনিক কার্যক্রমেও অনিয়মের ঘটনা ঘটেছে।
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অনিয়ম, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় প্রভাব বিস্তার এবং সরকারি দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর পুরস্কার নির্বাচন ও ক্রয়সংক্রান্ত বিষয়েও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, ২০২৫ সালের আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের প্রধান শিক্ষক মাসিক সমন্বয় সভায় প্রধান শিক্ষককে মারধরের উদ্যোগ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক মূল্যায়ন, শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রস্তুত এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ অভিযোগপত্রে উল্লেখ করেন, এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুর কুমার মণ্ডলের বক্তব্য অভিযোগপত্রে উল্লেখ নেই।








