চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুটি মাদক মামলার পলাতক আসামি এবং একজন গাঁজাসহ হাতেনাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আবুল হাসেমের ছেলে মো. বাবু (২৬) এবং হারদী কলেজপাড়া গ্রামের রফিকুল মণ্ডলের ছেলে মো. সাগর (১৯)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়ের করা ১৫ নভেম্বরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারি অভিযান চালানো হয়।
অন্যদিকে, ২৫ নভেম্বর রাত ২টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা থেকে গড়চাপড়া যাওয়ার পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ শুভ রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গড়চাপড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই শরিয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকেই বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। শুভ রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









