পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩১ মিনিটের দিকে আকস্মিক এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ খোলা জায়গায় আশ্রয় নেন।
অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সকালে ঘুম থেকে ওঠার পরপরই হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় পঞ্চগড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূমিকম্প অনুভবের কথা জানিয়ে পোস্ট করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে ঘরের দরজা-জানালা, খাট-বিছানা ও অন্যান্য আসবাবপত্র কেঁপে ওঠে। আকস্মিক কম্পনে অনেকে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে আসেন। তবে তাৎক্ষণিকভাবে জেলার কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।









