নেত্রকোনার দুর্গাপুরে গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের মধ্যকার বিভেদ ও নেতৃত্বের দ্বন্দ্ব নিরসন করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন,ব্যক্তিগত স্বার্থ ও নেতৃত্বের দ্বন্দ্বে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কার কথা, বিরোধ মেটাতে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানালেন তিনি। তিনি আরো বলেন, ব্যক্তিগত স্বার্থ, অহংবোধ কিংবা রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিশুদের শিক্ষা, মানবিক বিকাশ ও উন্নয়নের সুযোগ কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে বিরোধ অব্যাহত থাকলে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়ন ও চলমান কার্যক্রমও ঝুঁকির মুখে পড়তে পারে।আজ
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহাসিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, ছোটবেলা থেকে এ অঞ্চলের মানুষের মধ্যে যে সম্প্রীতি ও ঐক্য দেখে এসেছেন, সময়ের ব্যবধানে সেখানে বিভেদ তৈরি হয়েছে। বিষয়টি তাঁকে ব্যথিত করে। নিজেদের মধ্যে বিরোধের সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মের ওপর। তাই নেতৃত্বের দ্বন্দ্ব ও ব্যক্তিগত মতপার্থক্য ভুলে শিশুদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, কম্প্যাশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠান শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক বিকাশ ও জীবনমান উন্নয়নে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের সহায়তা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। কিন্তু নেতৃত্বের বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস থাকলে উন্নয়ন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সুবিধাবঞ্চিত শিশুরা।
তিনি বলেন, ‘কম্প্যাশন’ অর্থ সহমর্মিতা, ভালোবাসা ও যত্ন। প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানদের জন্য কাজ করছে। অথচ ব্যক্তিত্বের দ্বন্দ্ব, অহংবোধ কিংবা নেতৃত্বের বিরোধকে বড় করে দেখে শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়।
দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আরও উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের কথাও জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ত্রিপুরার সঙ্গেও আলোচনা করেছেন। এ ছাড়া কম্প্যাশন ইন্টারন্যাশনালসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি উদ্যোগ নিতে আগ্রহী।
ইউনিসেফসহ আরও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এ অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রকল্প ও সহায়তা নিয়ে আসার পাশাপাশি বিদ্যমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করাও জরুরি। এজন্য স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে ঐক্য, দায়িত্বশীলতা এবং পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো স্টেট’ বা ‘রংধনুর রাষ্ট্র’ ধারণার প্রসঙ্গ তুলে ধরে কায়সার কামাল বলেন, রংধনুর বিভিন্ন রং একসঙ্গে মিলে যেমন সৌন্দর্য সৃষ্টি করে, তেমনি বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধ করতে পারেন। পাহাড়, সমতল কিংবা হাওরাঞ্চল অথবা ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা উচিত নয়।
তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুশিক্ষিত, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বিরিশিরি অঞ্চলের অনেক তরুণ-তরুণী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের সাফল্য ধরে রাখতে নতুন প্রজন্মের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা জরুরি।
এ সময় জিবিসিকে (গারো ব্যাপ্টিস্ট কনভেনশন) ঘিরে বিরোধ, মামলা-মোকদ্দমা এবং প্রতিষ্ঠানের সম্পদ ও কার্যক্রম পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতার প্রসঙ্গও উঠে আসে। ডেপুটি স্পিকার বলেন, কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি, শিক্ষা কিংবা প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এমন বিরোধ থাকা উচিত নয়, যাতে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে এসব সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় উদ্যোগী না হলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তাঁকে পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে পরিস্থিতি তুলে ধরার কথাও জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে শিশুদের ভবিষ্যৎ রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন পাস্টার পরিতোষ চিসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিচাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সভাপতি পাং বরুণ কুমার দারিং, পাং সমূত রংছা, সাধারণ সম্পাদক পাং সুরঞ্জন দিব্রা, পাং দীপক রিচিলসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।









