বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা

নারায়ণগঞ্জ কথা : বর্ণাঢ্য আয়োজন, মুক্ত আলোচনা, কেক কাটা এবং গুণী ব্যক্তি ও সাংবাদিকদের সম্মাননা পদক ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উৎসব-২০২৬।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ২২/১ তোপখানা সড়কে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, লেখক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও পাঠকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রুদ্র বাংলার সম্পাদক ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দিকনির্দেশনায় ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক এবং ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেন সাজু।

এ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মিজান বিন নূর, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, অনলাইন সম্পাদক মো. আবু সাঈদ, মফস্বল সম্পাদক মো. এমদাদ হোসেন মুন্সী, রিপোর্টার হাজী মো. লিয়াকত আলী (আইয়ুব), রিপোর্টার আনোয়ারুল কবির, ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সহকারী নির্বাচন অফিসার মাসুদ রানা ও মাইনুদ্দিনসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পত্রিকার ১৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মুক্ত আলোচনায় উঠে আসে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও উন্নয়নের ভাবনা অনুষ্ঠানের মুক্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের পথচলায় দৈনিক রুদ্র বাংলা বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সাধারণ মানুষের কথা, স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাদারত্ব, সততা, নিরপেক্ষতা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিহার করে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখা সম্ভব।

মুক্ত আলোচনায় পত্রিকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সংবাদ সংগ্রহ ও প্রকাশনায় গতি বৃদ্ধি, জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, অনলাইন সংস্করণকে আরও সমৃদ্ধ করা, নবীন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং পত্রিকার প্রচার ও প্রসার বাড়ানো।

সত্য ও ন্যায়ের পক্ষে থাকার প্রত্যয় সম্পাদকের
সভাপতির বক্তব্যে সম্পাদক মো. মতিউর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রুদ্র বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও প্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনাকালে সহকারী সম্পাদক মো. শাহ্ আলম খান বলেন, একটি সংবাদপত্র কখনো একজনের প্রচেষ্টায় এগিয়ে যায় না; বরং সম্পাদক থেকে শুরু করে মফস্বল প্রতিনিধি, সংবাদকর্মী ও ডেস্কের প্রতিটি সদস্যের সম্মিলিত শ্রমেই একটি পত্রিকা সমৃদ্ধ হয়। তিনি প্রতিনিধিদের নিয়মিত ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠানোর পাশাপাশি পত্রিকার উন্নয়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

গুণীজন ও সাংবাদিকদের হাতে রুদ্র বাংলা সম্মাননা পদক
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তি ও সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় রুদ্র বাংলা সম্মাননা পদক ও পুরস্কার-২০২৬।

সম্মাননাপ্রাপ্তদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা সনদ দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।
বক্তারা বলেন, সম্মাননা কেবল একটি পদক নয়, এটি একজন মানুষের কর্ম, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি।

এ ধরনের উদ্যোগ সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে মানুষকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ও সম্পাদক মো. মতিউর রহমান পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার ভালোবাসা, শ্রম ও সহযোগিতায় রুদ্র বাংলা ১৬ বছরের পথচলা অতিক্রম করেছে। আগামী দিনে পত্রিকাটিকে আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

একটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং দৈনিক রুদ্র বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com