চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়া এলাকায় পচু মিয়ার বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কলেজপাড়ায় পচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু সাহা (৩৩) এবং উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মহির উদ্দিনের ছেলে মো. শাকিল (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








