নাটোর চিনিকলে ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিনিকলের কেইন ক্যারিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ, নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান, বিএনপি নেতা হাবিবুর ইসলাম হেলাল ও মো. সাইফুল ইসলাম আফতাবসহ চিনিকলের কর্মকর্তা, সিবিএ নেতারা এবং আখচাষিরা।চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬৫ দিনব্যাপী আখ মাড়াই কার্যক্রম চলবে। এ সময়ে ৯০ হাজার মেট্রিক টন আখ থেকে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়ানো হয়েছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা এবং আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।এদিকে, চিনিকল এলাকায় এবার ৭ হাজার ২৫০ একর জমিতে আখের আবাদ হয়েছে। উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে ৪ হাজার ৬৯ জন আখচাষিকে মোট ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমে নাটোর চিনিকলে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত মাড়াই করা হয় ৯৫ হাজার ১৩৩ মেট্রিক টন। ওই মৌসুমে ৫ হাজার ২৮৬ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। ৬৮ দিন মাড়াই কার্যক্রম চলে এবং চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ।








