চুয়াডাঙ্গার দিলীপ আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার মহাখালীতে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশচুয়াডাঙ্গার আলোচিত ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা এ মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ওই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশের আবেদনে দাবি করা হয়েছে, ওই ঘটনার অর্থদাতা ও মদদদাতা হিসেবে দিলীপ আগরওয়ালার সংশ্লিষ্টতা থাকতে পারে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পলাতক সহযোগীদের পরিচয়, ঘটনার পরিকল্পনা এবং বিস্ফোরক সরবরাহের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।দিলীপ আগরওয়ালা চুয়াডাঙ্গার রাজনীতিতেও পরিচিত মুখ। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনী প্রচারের সময় তাঁর গাড়ি আটকে দেওয়া, অপহরণচেষ্টা এবং কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে। এসব ঘটনা ঘিরে পাল্টাপাল্টি মামলাও হয়। শেষ পর্যন্ত নির্বাচনে পরাজিত হন তিনি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পর জামিন পেয়ে ২০২৫ সালের ১ অক্টোবর কারামুক্ত হন তিনি।সর্বশেষ গত ১৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জুলাই আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৭ অক্টোবর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।এরপর গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১১২ কোটি ৪৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, এসব মামলার অভিযোগ বিচারাধীন; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনত নির্দোষ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার দিলীপ আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com