ভাঙারি ব্যবসায়ীর পিকআপ বিকল হওয়ার সুযোগে মারধর করে টাকা ছিনতাই; আটক রবিনকে দলীয় পদ থেকে বহিষ্কার
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা কৃষক দলের এক নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। ঘটনার পর তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটক অন্য দুজন হলেন মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের পিকআপচালক সোহেল রানা এবং রামচরনপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)। অপর আটক ব্যক্তি ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে রবিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পাশে ভাঙারির ব্যবসা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম। মঙ্গলবার বগুড়ায় ভাঙারি বিক্রি শেষে তাঁর চাচাতো ভাই ও দোকানের ব্যবস্থাপক মজনু এবং পিকআপচালক সোহেল রানা ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের পিকআপটি বিকল হয়ে যায়।
এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি যৌথ দল অভিযান শুরু করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
এদিকে, ছিনতাইয়ের ঘটনায় আটক রবিনকে উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।








