ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ

নেত্রকোণার হাওরাঞ্চলের উন্নয়নে স্যাটেলাইট হাসপাতাল ও নৌ-অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাবঢাকা, ৪ নভেম্বর ২০২৬: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। বুধবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার রুনা খানকে আন্তর্জাতিক এ সম্মাননা অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন নাগরিকের এমন অর্জন সমগ্র জাতির জন্য গৌরবের বিষয়। মানবকল্যাণ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর অবদান অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে। এ সময় রুনা খানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ।’বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ডেপুটি স্পীকারের নিজ জেলা নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানের সংকটের বিষয়টি গুরুত্ব পায়।ডেপুটি স্পীকার বলেন, নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষ এখনো বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি স্যাটেলাইট হাসপাতাল স্থাপনের পাশাপাশি জরুরি রোগী পরিবহনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, জীবিকার তাগিদে হাওরাঞ্চলের অনেক মানুষ নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে রিকশা চালানোসহ নানা পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। অথচ একসময় এ অঞ্চল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। পরিকল্পিত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হাওরের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।হাওরের জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পীকার বলেন, অনেক ক্ষেত্রে বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিরা জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। এতে প্রকৃত জেলেদের জীবিকা ও অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলমহাল ব্যবস্থাপনায় সাধারণ জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তাঁদের কর্মসংস্থান, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বাড়বে।শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দুই থেকে তিন মাইল পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।ডেপুটি স্পীকার বলেন, হাওরাঞ্চলে মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটন খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তাঁর মতে, হাওরকে শুধু একটি ভৌগোলিক অঞ্চল হিসেবে বিবেচনা না করে জাতীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হিসেবে দেখতে হবে। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।জবাবে রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পীকারের আন্তরিক উদ্যোগ ও ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।রুনা খান নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তাঁর প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ’-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ডেপুটি স্পীকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com