‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উদ্বোধন করলেন তারেক রহমান ঢাকা প্রতিনিধি: ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর উদ্বোধন করেন তিনি। সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করা, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, নতুন প্রযুক্তির ব্যবহার এবং এ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সৌরশক্তির সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পথ সুগম হবে।









