সীমান্ত অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
বেনাপোল সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অপরদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিৎ সিং, আইপিএস।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে অংশ নেওয়া উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেলা ১টা ৩০ মিনিটে অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়।









