যশোরের মণিরামপুরে দিনব্যাপী সফরে সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম করা যাবে না। জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক মণিরামপুর থানা, পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি মণিরামপুর পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করেন।
সফরকালে জেলা প্রশাসক উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। সরকারি প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পরে তিনি মণিরামপুরের দর্শনীয় স্থান ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধন করেন। সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও অবকাঠামোগত সুবিধা পরিদর্শনের মাধ্যমে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ সফরের মধ্য দিয়ে মণিরামপুরের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।









