চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে দপ্তর সম্পাদক পদপ্রার্থী এম সনজু আহমেদ ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আলমডাঙ্গার আনন্দধাম, হাউসপুর ও হাইরোড এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে তিনি তাঁদের খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সমিতির কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।এম সনজু আহমেদ আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য, সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করা, প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয়ও জানান।উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।








