ইসতিয়াক আহম্মেদ ইমন :- নওগাঁর ধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ (UDYOG)’ বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনতা ব্যাংক পিএলসি, ধামইরহাট শাখার আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এবং ধামইরহাট উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের করণীয়, কর্মসূচির আওতায় আবেদন প্রক্রিয়া এবং উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন ধামইরহাটের সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। এ সময় বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক সাজ্জাদ হোসেন উদ্যোক্তাদের জন্য ব্যাংকগুলোর সহযোগিতা ও অর্থায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। জনতা ব্যাংক পিএলসি, ধামইরহাট শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক মো. হানজালা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজোয়ান হোসেন ও নায়েবে আমির মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত তরুণ উদ্যোক্তারা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া ও অর্থায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক সাজ্জাদ হোসেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নিয়মে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকিং সহযোগিতা সম্পর্কে তাঁদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।









