মাদকবিরোধী যুবসমাজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে গাইদঘাটে শত শত মানুষের মানববন্ধন-বিক্ষোভ।

চুয়াডাঙ্গার গাইদঘাটে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ও মাদকবিরোধী যুবসমাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ পাড়া মাদক বিরোধী সামাজিক জোট ও স্থানীয় লোকজন।

গতকাল সোমবার বিকাল ৫ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়া মসজিদের সামনে দক্ষিণ পাড়া মাদক বিরোধী সামাজিক জোটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে মাদক বিরোধী সামাজিক জোট ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন মাদক বিরোধী সামাজিক জোটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। তিনি বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য আমরা মাদক বিরোধী সামাজিক কমিটি গঠন করি।

তিনি অভিযোগ করে আরোও বলেন, গত বৃহস্পতিবার মাদক সহ হানেফ মিয়া আটক হলে তারই সহচর এলাকার মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম আমাদের ৪ জনের নামে থানায় অভিযোগ করে। তার অভিযোগ আমরা তার বাড়ি ভাংচুর করি। মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের পক্ষ নিয়ে আজকে চুয়াডাঙ্গা সদর থানার এ এস আই জামাল আমাদেরকে হুমকি দিয়ে যায়। তিনি বলেন আপনারা কিসের কমিটি করেছেন। কে অনুমতি দিয়েছে আপনাদেরকে কমিটি করার জন্য।

সোবহান মিয়া নামের স্থানীয় একজন বলেন, আমাদের এলাকায় অনেক মানুষ মাদক ব্যবসা করে। এতে আমাদের সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই গ্রামের লোক সকল একতাবদ্ধ হয়েছে যাতে সমাজটা ভালো থাকে। এই জন্য আমরা একটা কমিটি গঠন করি। আর কমিটি গঠন করেছি বলে আজকে মাদক ব্যবসায়ী নুরুল পুলিশ নিয়ে এনেছে।

মোস্তাক মিয়া অভিযোগ করে বলেন, আমরা আজকে মাদক ব্যবসায়ী নুরুল মাদক সেবন করার সময় হাতেনাতে ধরে ফেলি। এবং তাদেরকে মাদক ব্যবসা ও সেবন করতে নিষেধ করি। সেখান থেকে চলে আসলে ওদের যেই গ্রুপ আছে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে গ্রাম বাসী তাদের তাড়া করলে তারা আমাকে ছেড়ে দেয়।

বক্তারা আরোও অভিযোগ করে বলেন, হানেফ মিয়া আটকের পর মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া যুবকদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হানিফের সহযোগ নুরুল নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর থানায় মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেন। এলাকাবাসীর দাবি এসব অভিযোগের প্রতিবাদেই এবং মাদকবিরোধী সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী বলেন মাদকের বিরুদ্ধে কাজ করি গত বৃহস্পতিবার হানিফ মাদকসহ আটক হয় সে তার ব্যবসায়িক সহযোগী নুরুল আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। যেখানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার না নিয়ে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে। এসআই জামাল নামে একজন চুয়াডাঙ্গা সদর থানা থেকে এসে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন , আমাদের যুব সমাজকে নিয়ে তিনি নেতিবাচক মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার এ এস আই জামাল আহমেদ বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আমি তাদের মাদক বিরোধী কমিটি নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করি নি। আমার কাছে বাড়ি ভাংচুরের অভিযোগ এসেছে আমি সেটা তদন্ত করতে গিয়েছি, এছাড়া কিছুই নয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের মাদকবিরোধী কমিটির বিষয়ে এএসআই জামাল আহমেদ কোনো নেতিবাচক কথা বলে থাকলে বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করে জানা হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

ওসি মনিরুজ্জামান আরও বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। থানার পুলিশ কর্মকর্তাদের মাধ্যমেও এ নীতি শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে। আয়োজকেরা জানান, সমাজ থেকে মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাদকবিরোধী যুবসমাজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে গাইদঘাটে শত শত মানুষের মানববন্ধন-বিক্ষোভ।

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com